কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতে বলেছে, কিয়েভ থেকে দক্ষিণ-পশ্চিমের ভাসিলকভ শহরে যাওয়া রাস্তা খোলা থাকবে। এই রাস্তা দিয়ে নিরাপদে শহর ছাড়া যাবে।
তারা আরও বলেছে, রাশিয়ার বাহিনী কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে, বেসামরিক নাগরিকদের ঝুঁকি নেই।
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশে বৈঠকে বসার আগে মস্কো থেকে এই ঘোষণা এলো। আজ রাশিয়ার স্থানীয় সময় ১২টায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, আমি আলোচনা থেকে কোনো অর্জনের আশা করছি না। ইউক্রেন আত্মসমর্পণ করবে না।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিসচকো রোববার বার্তা সংস্থা এপিকে জানান, পুরো শহর রুশ বাহিনী ঘিরে রেখেছে।
ইউক্রেন সরকার এর আগে নাগরিকদের মধ্যে আগ্নেয়াস্ত্র বিতরণ করে। সামরিক প্রশিক্ষণ আছে এমন কয়েদিদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাশিয়ার বাহিনীর সঙ্গে লড়াই করতে ঘরে বসে মলোটভ ককটেল তৈরি করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।