কিয়েভে ভারতীয় শিক্ষার্থী গুলিবিদ্ধ, নাগরিকদের উদ্ধারে গেছেন ৪ মন্ত্রী
ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভারতীয় ছাত্র গুলির আঘাতে আহত হয়েছেন।
পোল্যান্ডে গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে বিজয় বলেন, 'আজ শুক্রবার আমরা জানতে পেরেছি, কিয়েভ থেকে বেরিয়ে আসার সময় একজন ছাত্রকে গুলি করা হয়েছে। তাকে কিয়েভে ফিরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধের সময় এরকম হতেই পারে।'
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় শিক্ষার্থীদের ইউক্রেন থেকে বের করে নেওয়ার জন্য ৪ কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সিং, হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া ও কিরণ রিজিজু বর্তমানে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে আছেন।
তারা ভারতের বিশেষ দূত হিসেবে সেখানে গিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সিন্ধিয়া রোমানিয়া ও মালদোভায়, রিজিজু স্লোভাকিয়ায়, হরদীপ পুরি হাঙ্গেরিতে এবং বিজয় সিং পোল্যান্ডে থেকে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নেওয়া ও তাদের সহায়তা দেওয়ার উদ্যোগে সহায়তা করবেন বলে সরকার সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে।
বিজয় জানান, তার সরকার সর্বোচ্চ সংখ্যক ভারতীয় শিক্ষার্থীদের ন্যুনতম ক্ষয়ক্ষতির মাধ্যমে দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে।
ভারত ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে নিচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ আছে।
এর আগে, ১ মার্চ ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের মেডিকেল শিক্ষার্থী নাভিন এস জি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শেলের আঘাতে নিহত হন। তিনি বাঙ্কার থেকে বের হয়ে তার নিজের ও সহপাঠীদের জন্য খাবার কিনতে গিয়েছিলেন।