এখনই পুতিন-জেলেনস্কি বৈঠকের পরিকল্পনা নেই: ক্রেমলিন

স্টার অনলাইন ডেস্ক

শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে ক্রেমলিন জানিয়েছে।

পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে আজ মঙ্গলবার রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে।

চলমান সংঘাত নিরসনে তুরস্ক ও কাজাখস্তান মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার ওপর জোর দেন।

'এ বিষয়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে,' বলেন তিনি।

দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'না, এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই।'

কয়েক সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনার পর গত ২৫ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনে চলমান সামরিক হামলার মধ্যে গতকাল সোমবার দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় বেলারুশে।

তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ৫ ঘণ্টার বৈঠক শেষ হয় এবং প্রতিনিধি দলের মধ্যে আরও বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।