ইউক্রেন শরণার্থীদের ১ লাখ ফ্রি টিকেট দেবে উইজ এয়ার

স্টার অনলাইন ডেস্ক

প্রতিবেশী শক্তিধর রাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ছেন ইউক্রেনের জনগণ। শরণার্থী হয়ে তারা ছুটছেন ইউরোপের পথে।

ইউক্রেনীয় শরণার্থীদের জন্য ১ লাখ ফ্রি টিকেট দেওয়ার ঘোষণা দিয়েছে কম-বাজেটের এয়ারলাইন্স উইজ এয়ার।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

হাঙ্গেরিভিত্তিক সংস্থা উইজ এয়ার'র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে তারা ইউক্রেন থেকে শরণার্থীদের তাদের গন্তব্যে পৌঁছতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সংস্থাটি চলতি মার্চে ১ লাখ টিকেট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া থেকে টিকেট পাওয়া যাবে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার মতে, এখন পর্যন্ত ৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোয় এসেছেন।