ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ, ১৪৭৪ বিক্ষোভকারী গ্রেপ্তার

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, মস্কো থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত আছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোববার পর্যন্ত রাশিয়ার ৪৫টি শহর থেকে অন্তত ১ হাজার ৪৭৪ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তাসংস্থা এপির বরাতে গার্ডিয়ান জানায়, মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো রাইটস গ্রুপের একটি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইউক্রেনে হামলা করার পরেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয় এবং গত ৪ দিন ধরে এ বিক্ষোভ চলছে। পুলিশ প্রতিদিনই বিক্ষোভকারীদের আটক করছে।

সেন্ট পিটার্সবার্গে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে ওঠায়।

সাইবেরিয়ার শহর ইরকুৎস্কের বিক্ষোভে অংশ নেওয়া ওলগা মিখিভা বলেন, 'এটি ইউক্রেন ও রাশিয়া দুই দেশের জনগণের বিরুদ্ধেই অপরাধ। আমি গত ৩ রাত ঘুমাতে পারিনি। আমি মনে করি আমাদের এখন দৃঢ়ভাবে বলা উচিত যে আমরা হত্যা চাই না।'

সেন্ট পিটার্সবার্গে সমাবেশে যোগদানকারী ৪৮ বছর বয়সী দিমিত্রি মাল্টসেভ বলেন, 'আমার দুটি ছেলে আছে। আমি চাই না যুদ্ধে তারা রক্তাক্ত হোক। যুদ্ধ আমাদের সবার জন্যই দুঃখ বয়ে আনে।'