ইউক্রেনের জন্য ১ মাসের আয় অনুদান দেবেন তাইওয়ানের প্রেসিডেন্ট

স্টার অনলাইন ডেস্ক

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, তিনিসহ তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে এবং প্রিমিয়ার সু সেং-চ্যাং তাদের এক মাসের আয়ের সমপরিমাণ অর্থ ইউক্রেন সহায়তা তহবিলে অনুদান দেবেন।

আজ বুধবার তাইওয়ান নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সভাপতি সাই ইং-ওয়েন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাবেশে এ ঘোষণা দেন।

সেসময় তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় রিলিভ ডিজাস্টার ফাউন্ডেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার ঘোষণা দেওয়ার পরই তারা অনুদান দেবেন।

সাই ইং-ওয়েন বলেন, 'বিশ্ব দেখেছে যে, ইউক্রেনীয়রা মাথা তুলে দাঁড়িয়েছে এবং দেশ, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করছে। ইউক্রেনীয়দের একাগ্রতা বিশ্বকে আন্দোলিত করেছে এবং তাইওয়ান তাদের প্রতি গভীরভাবে সহানুভূতিশীল।'

'ইউক্রেনীয়দের ঐক্যের কারণে বিশ্বের সব গণতান্ত্রিক অংশীদাররা আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেছে... বিশ্বের গণতান্ত্রিক অংশীদারদের একজন হিসেবে তাইওয়ান সেখানে অনুপস্থিত নয়, বরং আমরা ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিচ্ছি।'