ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে পারলে সমাধান: ম্যাঁখোকে পুতিন

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এ সময় পুতিন ইউক্রেনে আগ্রাসনের সমাধানের বিষয়ে দেশটির নিরপেক্ষ থাকার বিষয়ে জোর দেন।

দুই দেশের মধ্যে চলমান বৈঠকের মধ্যে সোমবারের এ ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ মত বিনিময় হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ক্রেমলিনের বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানায়, ফরাসি প্রেসিডেন্ট সংলাপ ও আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশা করেছেন।

ফোনালাপে পুতিন বলেছেন, নিঃশর্তভাবে রাশিয়ার আইনগত স্বার্থ বিবেচনা করলেই কেবল সমাধান আসবে।

এগুলোর মধ্যে তিনি ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব, ইউক্রেনের নিরস্ত্রীকরণ, নিরপেক্ষতা এবং ডিনাজিফিকেশনের কথা উল্লেখ করেন।

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার দরজা সবসময় খোলা বলে জানানো হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, রাশিয়ান সশস্ত্র বাহিনী (ইউক্রেনে) বেসামরিক নাগরিকদের জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না বলে পুতিন বলেছেন।

সাধারণ নাগরিকদের হুমকির জন্য ইউক্রেনের জাতীয়তাবাদীদের দায়ী করেন তিনি।

'রাশিয়ার সশস্ত্র বাহিনী বেসামরিক লোকদের হুমকি দেয় না এবং বেসামরিক লক্ষ্যে আঘাত করে না। এই হুমকি ইউক্রেনের জাতীয়তাবাদীদের কাছ থেকে এসেছে, যারা সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তারা ইচ্ছা করে আবাসিক এলাকায় অস্ত্র বসিয়েছে, দনবাসের শহরগুলোতে তীব্র গোলাগুলি করছে,' বিবৃতিতে বলা হয়।

ফোনালাপে দুই নেতা পারস্পরিক যোগাযোগের মধ্যে থাকতে সম্মত হয়েছেন।