‘আলোচনার আগে পারমাণবিক সতর্কতা পুতিনের কৌশল’
ইউক্রেন ইতোমধ্যে এ যুদ্ধে জিতে গেছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় কোনো শর্ত থাকা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
রোববারের ব্রিফিংয়ে তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা জয়ী হব। আমার পুরো আত্মবিশ্বাস আছে।'
পারমাণবিক হামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী কুলেবা বলেন, 'ইউক্রেন যদি পারমাণবিক হামলা শিকার হয়, এটা "বিপর্যয়" নামিয়ে আনবে। তবে এতে ইউক্রেনের দৃঢ়তা ভাঙবে না।'
'পারমাণবিক সতর্কতা আলোচনার আগে পুতিনের একটি কৌশল,' যোগ করেন তিনি।
গত ৫ দিন ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে আজ রোববার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশ সীমান্তে আলোচনা করতে সম্মত হয়েছেন।এর পরিপ্রেক্ষিতে দিমিত্রো কুলেবা বলেছেন, 'আমরা আমাদের ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেব না।'
রাশিয়া প্রথমে বলেছিল যে তারা আলোচনা চায় না। তারপর বলেছিল যে তারা শর্তসাপেক্ষে আলোচনা করতে পারে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত সামরিক শক্তি ব্যবহার না করতে বেলারুশ সম্মত হয়েছে।
'এটি পুতিন ও ইউক্রেনের জনগণের মধ্যে যুদ্ধ। আমরা রাশিয়াকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ৮০ বছর আগেও ইউরোপের দানবদের পরাজিত করেছিলাম,' বলেন তিনি।
এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের মিত্রদের কাছে আরও সামরিক সরঞ্জাম সরবরাহের আহ্বান জানান।