আকাশসীমা বন্ধ, জেনেভায় নিরস্ত্রীকরণ সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভা ও নিরস্ত্রীকরণ বিষয়ক সভায় যাচ্ছেন না রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকায় তিনি এ সফর বাতিল করেছেন।

রাশিয়ার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

এপি জানায়, জেনেভায় মানবাধিকার কাউন্সিলের নিরস্ত্রীকরণ সম্মেলনে উচ্চ-পর্যায়ের বৈঠকে ল্যাভরভ যোগ দেবেন বলে আশা করা হয়েছিল।

ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইইউ রোববার রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত জানায়।

নিষেধাজ্ঞার ঘোষণায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, 'আমাদের আকাশপথ প্রতিটি রাশিয়ান উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ব্যক্তিগত জেটও পড়বে।'

এ নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সোমবার ইউরোপসহ প্রায় ৩৬টি দেশের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।