কুন্দ্রার সাড়ে ৩৮ কোটি রুপির অ্যাপার্টমেন্ট ও বাড়ির মালিক এখন শিল্পা
ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা তার অ্যাপার্টমেন্ট এবং জুহুর বাড়ির মালিকানা স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির কাছে হস্তান্তর করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পর্নোগ্রাফি মামলায় জামিনে মুক্তি পাওয়া এই ব্যবসায়ী সাড়ে ৩৮ কোটি রুপির সম্পত্তি তার অভিনেত্রী স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। প্রাপ্ত নথিপত্রে দেখা গেছে, কুন্দ্রা জুহুতে অবস্থিত ওশান ভিউ ভবনের মোট ৫টি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্টটি তার স্ত্রীর নামে স্থানান্তর করেছেন।
স্কয়ার ফিট ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা বরুণ সিং বলেন, রাজ কুন্দ্রা শিল্পা শেঠির কাছে যে সম্পদ হস্তান্তর করেছেন তার পরিমাণ প্রায় ৫ হাজার ৯৯৬ বর্গফুট। বাড়িটিকে তারা বর্তমান ঠিকানা হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে শেঠির ট্রান্সফার ডিডের ওপর ১.৯ কোটি রুপির স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। ২০২২ সালের ২১ জানুয়ারিতে নথিগুলো রেজিস্ট্রি করা হয় বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সম্পত্তির বর্তমান বাজার দর প্রতি বর্গফুট আনুমানিক ৬৫ হাজার রুপি।