আর্জেন্টিনা-কেপ ভার্দে: পরিসংখ্যানে যা জানা জরুরি
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত একেবারে নিখুঁত পথেই এগোচ্ছে আর্জেন্টিনা। এবার শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচের আগে নজরে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও তথ্য—
• ইতিহাসে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। আর প্রথম সাক্ষাৎই বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াই।
• এই ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ। জাতীয় দলের দায়িত্বে এটি হবে তার ১০০তম ম্যাচ।
• দায়িত্ব নেওয়ার পর মেসিকে ঘিরে স্কালোনি গড়ে তুলেছেন আধুনিক আর্জেন্টিনার অন্যতম সফল দল। তার অধীনে আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং সবচেয়ে বড় অর্জন হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ, যার মাধ্যমে ৩৬ বছরের শিরোপা-খরা কাটিয়েছিল আলবিসেলেস্তেরা।
• এখন পর্যন্ত স্কালোনির অধীনে আর্জেন্টিনা খেলেছে ৯৯টি ম্যাচ। এর মধ্যে ৭২টিতে জয়, ১৮টি ড্র এবং মাত্র ৯টিতে হার। এছাড়া ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল দলটি।
• যেকোনো টুর্নামেন্টের নকআউট পর্বে আর্জেন্টিনার সর্বশেষ হার সাত বছর আগে। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে বেলো হরিজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেছিল তারা।
• সব প্রতিযোগিতা মিলিয়ে নকআউট ম্যাচসহ বর্তমানে টানা ১০ ম্যাচ জয়ের ধারায় আছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
• স্কালোনির অধীনে যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড স্কালোনির কোচিংয়ে ৭৪ ম্যাচে ৫৮ গোল করেছেন, ম্যাচপ্রতি গড়ে ০.৭৮ গোল। অথচ স্কালোনির আগে জাতীয় দলে ১২৮ ম্যাচে ৬৫ গোল করেছিলেন তিনি, ম্যাচপ্রতি গড় ছিল ০.৫১ গোল।
• এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। উল্লেখযোগ্য বিষয় হলো, এমবাপের চেয়ে এক ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
• নিজেদের প্রথম বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে ড্র করানোর পাশাপাশি সৌদি আরবের বিপক্ষেও সমতা এনে নকআউটে জায়গা করে নিয়েছে তারা।
• শেষ বত্রিশে ওঠা ৩২ দলের মধ্যে সবচেয়ে কম গোল করা দল কেপ ভার্দে। গ্রুপ পর্বে তাদের করা মাত্র দুটি গোলই এসেছে উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচে।