আবারও পেছাল আমিরের লাল সিং চাড্ডার মুক্তি

স্টার অনলাইন ডেস্ক

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা আমির খান ও করিনা কাপুর খানের 'লাল সিং চাড্ডা'। আগামী ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা আবার তা পিছিয়ে দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরের প্রযোজনা সংস্থা একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, সিনেমাটি এখন ১১ আগস্ট মুক্তি পাবে। এর আগে, প্রভাস অভিনীত 'আদিপুরুষ' ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, তারাও এটির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে।

বিবৃতিতে 'আদিপুরুষ' নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমির।

এর আগে, যশ ও সঞ্জয় দত্ত অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২' এর সঙ্গে মুক্তির কথা ছিল 'লাল সিং চাড্ডার'। তবে, হয়তো আমির এবং তার দল কেজিএফের সঙ্গে দ্বন্দ্ব এড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং মুক্তি স্থগিত করেছে। তবে, এবার 'কেজিএফ: চ্যাপ্টার ২' এর সঙ্গে মুখোমুখি লড়াই হতে যাচ্ছে শাহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুরের 'জার্সি'।