পবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৩ শিক্ষার্থীকে শাস্তি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাস্তির মধ্যে রয়েছে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জামাল হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও অংশগ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

শাস্তির আওতায় কয়েকজন শিক্ষার্থীকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এছাড়া কাউকে এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তদের কয়েকজনকে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, একই ধরনের অপরাধে পুনরায় জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেওয়া হয়েছে।

অভিযুক্ত কয়েকজনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে তাদের নজরদারির মধ্যে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্ধারিত শাস্তি কার্যকর করা হবে। একইসঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে, র‍্যাগিংয়ের ঘটনায় প্রশাসনের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরাপদ ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।