জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডিতে ভর্তি আবেদন শুরু

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ দ্য ডেইলি স্টারকে জানান, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে।

আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে–স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীকে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি আগামী ১১ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।

এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।