২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৭ সালের ১৪ মার্চ শুরু হবে এবং ১৫ এপ্রিল শেষ হবে। আজ সোমবার প্রকাশিত সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২২ এপ্রিলের মধ্যে তা শেষ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ রুটিন প্রকাশ করেছে। এর আগে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে পরিকল্পনা করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ১৪ মার্চ পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে। এরপর ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র ও ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ২২ মার্চ, গণিত পরীক্ষা ২৫ মার্চ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, বিভাগভিত্তিক ও ঐচ্ছিক বিষয়গুলোর পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সরকার এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করেছিল। পরে কর্মকর্তারা জানান, রমজান, ঈদুল ফিতর ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষার সূচি পুনর্বিবেচনা করা হচ্ছে।