প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হলো আজ
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ বুধবার শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়েছে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ২৫ মার্চ এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। ১৫ থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলবে।
১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
পরীক্ষাটি মূলত গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয়।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় আলাদা সময়সূচির অধীনে ১৭ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।
ওই জেলাগুলোতে প্রথম দিন প্রাথমিক গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) পরীক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হবে।