কুড়িগ্রামে ৩ যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের তিন যমজ বোন। একসঙ্গে তিন বোনের এমন সাফল্যে তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা আনন্দে ভাসছেন।
এই তিন বোন হলো তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান ও শাহিনা আক্তারের মেয়ে।
পরিবার জানায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। পরীক্ষার ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তিন মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা আইনজীবী তারিকুর রহমান বলেন, ‘আমার মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।’
মা শাহিনা আক্তার জানান, তিন মেয়েই পড়ালেখায় বেশ মনোযোগী। তারা নিয়ম অনুযায়ী পড়াশোনা, খেলাধুলা ও খাওয়াদাওয়া করে। তিনি বলেন, ‘মেয়েরাই আমাদের পরিবারের প্রদীপ।’
শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই এই তিন বোন অত্যন্ত মনোযোগী ও শেখার প্রতি আগ্রহী। নিয়ম করে পড়াশোনা করায় তারা এই সাফল্য পেয়েছে। স্কুলের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেয় তারা।
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, ‘একই পরিবারের তিন যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ও গৌরবের ঘটনা।’