জকসু নির্বাচন শেষ, এখনো নেই কার্যালয়-তহবিল

রাকিব মাদবর
রাকিব মাদবর

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত প্রতিনিধিদের জন্য এখনো নির্ধারিত বসার জায়গা ও কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো নেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জকসুর নির্বাচিত প্রতিনিধিদের জন্য অবকাশ ভবনের একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। তবে সেটি এখনো প্রস্তুত হয়নি। ফলে দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ছাড়া জকসু প্রতিনিধিদের জন্য কোনো নির্ধারিত বাজেট বরাদ্দ না থাকায় সাংগঠনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, জকসু শুধু একটি নির্বাচনী প্রক্রিয়া নয়, এটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু নির্বাচনের পরও যদি বসার জায়গা এবং অন্যান্য সুযোগ–সুবিধা নিশ্চিত করা না হয়, তাহলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করা কঠিন হবে।

সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি আমাদের আছে। তবে বাস্তবতা হলো—কাজ করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। দ্রুত একটি কার্যকর অফিস, প্রয়োজনীয় জনবল এবং নির্ধারিত বাজেট নিশ্চিত করা জরুরি।

নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি ডেইলি স্টারকে বলেন, আমাদের দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা করা। আমরা সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। নির্বাচিত প্রতিনিধিরা কোথায় বসবে এবং তারা কীভাবে পরিচালনা করবে সেটা জকসু সভাপতি ও উপাচার্য ঠিক করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, জকসু একটি নতুন অভিজ্ঞতা। অবকাশ ভবনে নির্ধারিত কক্ষটি দ্রুত প্রস্তুতের কাজ চলছে। বাজেটসহ অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিনের দাবির পর গত ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য' ভিপি, জিএস ও এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতে জয় পায়। অন্যদিকে হল সংসদে বাংলাদেশ ছাত্রীসংস্থা ভিপি, জিএস ও এজিএসসহ ১৩টি পদের মধ্যে ১১টিতে জয় লাভ করে।