পরবর্তী ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঢাবি প্রশাসনের বৈঠক

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি।

পরবর্তী ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ডাকসু নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে নির্বাচন আয়োজনের প্রথম ধাপ হিসেবে এ বিষয়ে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মতামত নিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের মৌখিকভাবে নির্দেশ দিয়েছে প্রশাসন। পরবর্তীতে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে।

বৈঠকে অংশ নেওয়া এক সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ছিল ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের প্রথম আলোচনা। কীভাবে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, তা নিয়েই একটি প্রাথমিক আলোচনা ছিল।'

নাম প্রকাশ না করার শর্তে একটি হলের প্রাধ্যক্ষ বলেন, 'নির্বাচন আয়োজনের প্রাথমিক ধাপ হিসেবে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মতামত নিতে আমাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আগের ডাকসু নির্বাচনের ত্রুটি ও বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার যেন তার পুনরাবৃত্তি না হয় এবং প্রশাসন যেন সতর্ক থাকে—সে বিষয়ে আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বৈঠকে সব অংশীজনের পর্যবেক্ষণ, মতামত ও আপত্তি বিবেচনায় নিয়ে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের সম্ভাব্য প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।'

আরেকটি সূত্র জানায়, হল প্রাধ্যক্ষদের নিজ নিজ হলে নির্বাচনের বিষয়ে আলোচনা করে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে আগামী ডাকসু নির্বাচনের জন্য আপাতত পৃথক কোনো বরাদ্দ নেই বলে জানা গেছে।

নির্বাচনী বাজেটের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ বলেন, 'এ বিষয়ে বৈঠকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি।'

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমান ডাকসু কমিটি গত বছরের ১৪ সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করে। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ এক বছর।

গঠনতন্ত্র অনুযায়ী, এ সময়ের মধ্যে নতুন নির্বাচন না হলে ৯০ দিন পর কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।