এইচএসসি: বৃষ্টির কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ জানাল ঢাকা বোর্ড
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বোর্ডের অধীন এইচএসসির গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিতদের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গত ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি এবং পরীক্ষার জন্য ইতোমধ্যে নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছে তাদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ১০টায় বকশিবাজারে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের ওইদিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।