পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রো-ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ও প্রো-ভিসি ড. এস এম হেমায়েত জাহানকে প্রো-ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন।