ক্লাসরুমে ছাদের পলেস্তারা খসে পড়ে জবির ২ শিক্ষার্থী আহত

নিজস্ব সংবাদদাতা, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

গণিত বিভাগের ২০তম ব্যাচের ক্লাস চলাকালে একটি সেমিনার কক্ষে এই ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী মাহফুজুর রহমান ও তানভীর নিয়াজ ফাহিমকে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের পুরোনো কয়েকটি ভবন দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কারকাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে একাধিকবার ওই সব ভবনে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও মানসম্মত মেরামতকাজ হয়নি।

গণিত বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা রিমি দ্য ডেইলি স্টারকে বলেন, হঠাৎ করেই পলেস্তারা সরাসরি ওদের ওপর খসে পড়ে। এতে ফাহিমের মাথা ও চোখের আশপাশে গুরুতর আঘাত লাগে। মাহফুজের পিঠ ও হাতে জখম হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কারকাজে বারবার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। এমন ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করা আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঘটনার পরপরই উপাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ওই ভবনের সামনে বিক্ষোভ দেখান গণিত বিভাগের শিক্ষার্থীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে ভবন মেরামতের দাবি জানান তারা।