গোপালগঞ্জে সকালে নিরুত্তাপ ভোটকেন্দ্র, দুপুরে বাড়ে উপস্থিতি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। প্রথম দুই ঘণ্টায় অধিকাংশ কেন্দ্রে ভোট পড়ার হার ছিল নগণ্য, তবে সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে প্রায় ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম ঘণ্টায় শহরের বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মাত্র ২৩টি ভোট পড়ে। তবে এক ঘণ্টা পর সাড়ে নয়টায় তা বেড়ে দাঁড়ায় ৪৫টিতে। একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে প্রথম ঘণ্টায় ৪৭টি এবং দ্বিতীয় ঘণ্টায় ১০৯টি ভোট পড়ে।

সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে ভোট গ্রহণ বন্ধ হয়নি। প্রথম দুই ঘণ্টায় সেখানে ১৯৮ জন ভোটার ভোট দিয়েছেন। এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা পর্যন্ত ৫১টি এবং পাশের পুরুষ কেন্দ্রে ১০৫টি ভোট পড়ে।gopalganj

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) আসনে টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়ে। একই আসনের ক্যারাইল কোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ২২ দশমিক ৪৩ শতাংশ এবং বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে।

গোপালগঞ্জ-১ আসনের ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সোয়া ৩টা পর্যন্ত ৩০ শতাংশ এবং চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৪ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে। তবে পশ্চিম রতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৯ দশমিক ৪৪ শতাংশ।

সরেজমিনে দেখা গেছে, টুঙ্গিপাড়া সরকারি কলেজ কেন্দ্র ছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল না। দুপুরের পর কিছু কেন্দ্রে উপস্থিতি বাড়লেও সামগ্রিক চিত্র ছিল মিশ্র।