নির্বাচন: রাঙ্গামাটির দুর্গম এলাকায় প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করবে র্যাব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির দুর্গম এলাকায় বিশেষ প্রয়োজনে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র্যাব প্রস্তুত রয়েছে।
আজ বুধবার বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র্যাব প্রস্তুত রয়েছে। অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও যেন শান্তির সুবাতাস বয়, সেজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে।
তিনি আরও বলেন, ‘যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারবো সে সব এলাকায় পৌঁছানোর চেষ্টা করবো।’
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা ও পোশাকধারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
কমান্ডার সাইফুর বলেন, ‘আমাদের পেট্রোল টিম রয়েছে। তারা একদম সারাদিন ২৪ ঘন্টা কাজ করবে। ভোটাররা যদি নিরাপত্তাজনিত কোন সমস্যায় ভোট দিতে না পারেন সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো। ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনী আচরণ বিধি রয়েছে সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আশা করছি আগামীকাল সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো।’
র্যাব জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে।