জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।
আদালতের রায় অনুযায়ী, কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ তারিখ আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়।
রায়ে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করা হয়।
ওই আদালত পরিচালনাকালে মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে কোথাও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়। পরে আমির হামজার আইনজীবী তৌহিবুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ভুল স্বীকার করেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার দুটির বাদী রাশেদ আহমেদ বলেন, রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।
মামলার রায়ে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এ উল্লিখিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বেঞ্চ সহকারী সজীব আহমেদ জানান, প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আদেশ দেওয়া হয়েছে।
ওইসব ব্যানার নামিয়ে ফেলতে হবে কিনা, জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ জামান বলেন, ‘রায়ের কপি আমি এখনো দেখিনি। কাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে জানি না। তবে কোর্টের নির্দেশনা যদি সরাসরি তাকে দেয়, তাহলে তিনি মেনে চলবেন। আর যদি আমাদের মাধ্যমে অপসারণ করতে বলা হয়, তাহলে আমরা করব।’
এ বিষয়ে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর আমির এনামুল হক বলেন, ‘যেসব ব্যানারে মুদ্রণকারীর নাম নেই, সেগুলোতে আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি। এগুলো আর নামাতে হবে না।’