টাঙ্গাইলে উপসচিবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে একজন উপসচিবের বিরুদ্ধে সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত উপসচিব মোহাম্মদ আমিন শরিফ সুপন অর্থ মন্ত্রণালয়ে কর্মরত আছেন। 

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে তার এজেন্ট ফজলুল হক বাচ্চু সখিপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয়, সখিপুর বাসাইলের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আমিন শরিফ সুপন সরকারি বিধিমালা ভেঙে গত ২২ জানুয়ারি থেকে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে আসছেন। গতকাল সোমবার তিনি এক অনুষ্ঠানে মাইকে ঘোষণা দিয়ে ধানের শীষের জন্য ভোট চান। 

অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আমিন শরিফ সুপন দ্য ডেইলি স্টারকে জানান, তিনি ছুটি পেয়ে গতকাল সোমবারই বাড়িতে এসেছেন। 

বলেন, ‘বাড়ি ফেরার পথে পরিবারসহ একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। সেখানে ঘটনাচক্রে বিএনপি মনোনীত প্রার্থী উপস্থিত ছিলেন। আমি কারো পক্ষে ভোট চাইনি।’

যোগাযোগ করা হলে সখিপুরের সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ইতোমধ্যে অভিযোগটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগটি পাঠানো হবে।’