নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথে দুর্বৃত্তের আগুন

স্টার অনলাইন রিপোর্ট

নেত্রকোনা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্বৃত্তরা ভবনের পেছনের জানালা ভেঙে একটি বস্তা ও পেট্রোল ব্যবহার করে বুথের ভেতরে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি বেঞ্চ পুড়ে যায়, একটি সিলিং ফ্যান এবং একটি লাইট ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত বুথটি আজই ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হবে বলে জানান তিনি।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই ভোটকেন্দ্রে মোট সাতটি বুথ রয়েছে। যে ভবনের বুথে আগুন লেগেছিল, সেটিতে মোট চারটি বুথ ছিল।