আশুলিয়ায় ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে সেনাবাহিনীর হাতে ১৩ জন আটক
ঢাকার আশুলিয়ায় (ঢাকা-১৯ আসন) পৃথক দুটি ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল ইসলাম জানান, গত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং নলাম এলাকার একটি ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে সেনাবাহিনী পৃথক অভিযান চালায়। এ সময় মোট ১৩ জনকে আটক করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় কিংবা তারা কোনো দল বা প্রার্থীর সমর্থক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মো. সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আটক ব্যক্তিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হবে। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আটক ১৩ জন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনার ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।