নির্বাচন ঘিরে হুমকি নেই, আইনশৃঙ্খলা স্বাভাবিকের চেয়ে ভালো: ডিএমপি কমিশনার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। 

তিনি বলেন, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে ভালো।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় মোট দুই হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে এক হাজার ৬১৪টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আর ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য থাকবেন।

ডিএমপি ৩৭টি ভোটকেন্দ্রকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও তিনি জানান।

কমিশনার আরও উল্লেখ করেন, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স সক্রিয় থাকবে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।