রেকর্ড তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়: আরও ১৭৩ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারত
রেকর্ড তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারত ক্রিকেট দলকে ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭৩ কোটি টাকার বেশি) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার এক বিবৃতিতে এই আর্থিক পুরস্কারের কথা জানিয়েছে সংস্থাটি।
এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আইসিসি থেকে ভারতীয় দল আলাদাভাবে ৩০ লাখ ডলার পাওয়া নিশ্চিত করেছে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা)। আর রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ডের পকেটে ঢুকছে ১৬ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি)। উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬৪ কোটি টাকার বেশি)।
গত রোববার আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ফেভারিট ভারত। এর মাধ্যমে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়ে তারা।
বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ক্রিকেট সংস্থা বিসিসিআই এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের প্রশংসা করেছে। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলেছেন, এবারের জয় ভারতকে ক্রিকেটের এই ফরম্যাটে ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঘোষিত পুরস্কারের অর্থ ভারতের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। ১৫ সদস্যের স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটার পাবেন ৬ কোটি রুপি করে (বাংলাদেশ মুদ্রায় ৮ কোটি টাকার কাছাকাছি)। বাকি ৪১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি টাকার বেশি) মিলবে কোচ ও সাপোর্ট স্টাফদের।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। শীর্ষ ক্রিকেটাররা সেখানে মহাতারকার মর্যাদা পান এবং নানা বিভক্তি আর বৈচিত্র্যের এই দেশে ক্রিকেট যেন এক বিরল ঐক্যের সেতুবন্ধন। ফাইনালের পর থেকেই ভারতজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। গায়ে নীল জার্সি জড়িয়ে, বাদ্য বাজিয়ে ও গানের তালে নেচে জয় উদযাপন করছেন ক্রিকেটভক্তরা।