আশা করি, ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব: রশিদ
গত আসরের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য যেমন আছে, তেমনি চেন্নাইয়ে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার সময় আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের সামনে থাকছে এক অনন্য ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগ।
টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তারকা লেগ স্পিনার রশিদ। এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র চারটি উইকেট।
সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে রশিদের শিকার ৬৯৬ উইকেট। এই তালিকার মতো আন্তর্জাতিক মঞ্চেও এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তার নামের পাশে রয়েছে ১৮৭ উইকেট।
গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রশিদ বলেন, 'বেশ ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৯-১০ বছর হলো খেলছি, এর মধ্যেই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়াটা আমার কাছে স্বপ্নের চেয়েও বড় কিছু। এই অর্জন (৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ) হবে সত্যিই বিশেষ কিছু।'
তবে ২৭ বছর বয়সী এই বোলার জানান, তিনি কখনোই নিজের উইকেটের হিসাব রাখেন না, 'আমি আসলে নিজে কখনো উইকেট গুনে দেখি না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে— ওকে, আমি ৪০০, ৫০০ বা ৬০০ উইকেট পেয়েছি। তবে এগুলো নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাকে দলের জন্য পারফর্ম করে যেতে হবে এবং উইকেট নিতে হবে।'
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা স্পিনার রশিদ যোগ করেন, '৭০০ উইকেট কোনো ছোট বিষয় নয়। এখানে পৌঁছাতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পেরে আমি খুশি এবং আশা করি, একদিন ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব (হাসি)।'
দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে রশিদের নেতৃত্বেই বিশ্বকে চমকে দিয়েছিল আফগানিস্তান। সেবার নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল তারা।
আফগানরা এবারও তেমন কিছুরই পুনরাবৃত্তি ঘটাতে মুখিয়ে আছে। আর সেই যাত্রায় সামনে থেকে ভূমিকা রেখে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে মুখিয়ে থাকবেন রশিদ।