একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ
ভারত কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি, ফিফা র্যাঙ্কিংয়েও নেই শীর্ষ সারিতে। অথচ সেই ভারতই এবার একই আন্তর্জাতিক উইন্ডোতে আতিথ্য দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের তিন বিশ্বকাপ খেলা দলকে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারত।
বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এর মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।
অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে ভারতের মাটিতে দেখা যাবে ব্রাজিল ও উরুগুয়ের মতো দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে। এর আগে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। ফলে একই আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ খেলা তিনটি দেশ পানামা, ব্রাজিল ও উরুগুয়ে পা রাখবে ভারতের মাটিতে।
ভারতীয় ফুটবল ফেডারেশন বলেছে, 'ভারতীয় সমর্থকদের জন্য এটি আন্তর্জাতিক ফুটবলের এক নজিরবিহীন আয়োজন হতে যাচ্ছে। একই ফিফা উইন্ডোতে বিশ্বকাপে খেলা তিনটি দেশ পানামা, ব্রাজিল ও উরুগুয়ে আসছে ভারতে।'
বিশ্ব ফুটবলে ভারতের অবস্থান অবশ্য এই তিন দলের তুলনায় অনেক পিছিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৩৮তম স্থানে থাকা ভারত এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে দেশটির ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ব্যাপক, বিশেষ করে কলকাতা ও কোচির মতো শহরে।
আর সেই জনপ্রিয়তাকেই যেন আরও উসকে দেবে ব্রাজিলের আগমন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভারতের ম্যাচটি ইতোমধ্যেই দেশটির ফুটবল মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তার ওপর ম্যাচটির ভেন্যু কলকাতাম যে শহরে ব্রাজিলের সমর্থকের সংখ্যা বরাবরই উল্লেখযোগ্য। একই মাঠে উরুগুয়ের বিপক্ষেও ম্যাচ থাকায় কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ফুটবলের এক ব্যস্ত সময় অপেক্ষা করছে।