ফিফা বিশ্বকাপ ২০২৬

‘কীভাবে রুক্ষ পরিস্থিতি সামলাতে হয় সেটাই দেখিয়েছি’, ম্যাচ জিতে বললেন এমবাপে

স্পোর্টস ডেস্ক

শনিবার ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমের মধ্যে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়াল সাতে এবং বিশ্বকাপে তার মোট গোল হলো ১৯টি।

তবে ম্যাচের শেষদিকে প্যারাগুয়ের ডিফেন্ডাররা অনবরত উসকানি ও স্লেজিং করে ম্যাচটিকে বেশ উত্তপ্ত করে তোলে। ম্যাচ শেষে প্রতিপক্ষের সেই আচরণের জবাব দিয়ে ফরাসি অধিনায়ক বলেন, ‘আমরা জানতাম আমাদের কেমন ম্যাচের মুখোমুখি হতে হবে, তবে আমি মনে করি আজকের দিনটি সত্যিই খুব ভালো গেছে।’

প্যারাগুয়ের রুক্ষ খেলার ধরন নিয়ে এমবাপে আরও বলেন, ‘তারা ভেবেছিল আমরা টাক্সিডো পরে মাঠে নামব, যেন আমরা কেবল কিছু চমৎকার নৈপুণ্য দেখাতে এসেছি। তবে আমরা কঠিন ও রুক্ষ পরিস্থিতির মুখোমুখি হয়ে কীভাবে খেলতে হয় তাও জানি। আজ আমরা সেটাই করেছি; আমরা জিতেছি, এমনকি সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড যোগ করেন, এই ম্যাচ প্রমাণ করেছে যে ফ্রান্স শুধু আক্রমণাত্মক ফুটবলই খেলে না, পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতেও জানে। তার ভাষায়, ‘যদি আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমরা তা-ই করব। কথাটির জন্য দুঃখিত, তবে এতে আমাদের কোনো সমস্যা নেই।’

পুরো ম্যাচ জুড়েই মাঠের পরিবেশ ছিল বেশ বিশৃঙ্খল। এমনকি এমবাপে যখন পেনাল্টি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন প্যারাগুয়ের খেলোয়াড়রা স্পটের মাটি খুঁড়ে নষ্ট করার চেষ্টাও করেন। তবে সেসবকে পাত্তা না দিয়ে ঠান্ডা মাথায় গোল করেন এই তারকা।

প্যারাগুয়ের খেলার কৌশল নিয়ে ২৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘ওটা তাদের ফুটবল, ওটাই তাদের খেলার ধরন। সবাই তাদের শক্তি অনুযায়ী খেলে; ফুটবলে ভালো বা মন্দ বলে কোনো খেলার ধরন নেই। খেলার একটাই পথ আছে, আর তা হলো জয়ী হওয়া। তারা ওই উপায়ে আমাদের ওপর চড়াও হতে চেয়েছিল, কিন্তু আমরা সেই দিক থেকেও তাদের চেয়ে এগিয়ে গেছি। এখন আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি।’

আগামী শুক্রবার বোস্টনে কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ২০২২ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে এমবাপে বলেন, ‘আমরা জানি তারা খুব ভালো একটি দল। এবং আমরা তাদের বিরুদ্ধে খেলার জন্য সত্যিই মুখিয়ে আছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সবকিছু উজাড় করে দেব।’