সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জন না দেখার আহ্বান স্কালোনির
বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অভিযোগ ও গুঞ্জন নতুন কিছু নয়। রেফারিংয়ে সুবিধা পাওয়া বা পক্ষপাতের মতো অভিযোগ প্রায়ই করে থাকেন কিছু সমর্থক। তবে এসব নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ভিত্তিহীন এসব আলোচনার সবচেয়ে ভালো সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা।
২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আবারও সংবাদমাধ্যমের মুখোমুখি হন স্কালোনি। মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচ নিয়ে কথা বলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে ছড়িয়ে পড়া এইসব তথাকথিত ‘পক্ষপাতের’ অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।
প্রশ্নটি করা মাত্রই কোনো ঘুরপথে না গিয়ে সরাসরি জবাব দেন স্কালোনি, 'সামাজিক যোগাযোগমাধ্যম দেখবেন না, ব্যস। ওগুলো না দেখলে এসব বিষয় সম্পর্কেও জানবেন না।'
স্কালোনির মতে, লাইক, শেয়ার ও রিটুইটের এই সময়ে ভিত্তিহীন যেকোনো বক্তব্য মুহূর্তেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং অনেক সময় বাস্তবতাকেও আড়াল করে ফেলে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এখনকার সময়ে যে কেউ কোনো ভিত্তিহীন কথা লিখে পোস্ট করতে পারে, আর ছোট একটি বিষয় মুহূর্তেই বিশাল আকার ধারণ করে। আমার মনে হয়, এসবকে কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।'
আর্জেন্টিনা শিবিরের বিশ্বাস, তাদের সাফল্য কাউকে খুশি করে পাওয়া নয়, বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। স্কালোনির মতে, এই সফল অধ্যায়ে অবদান রেখেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি থেকে শুরু করে কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবাই।
তিনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যম এমনই। এর ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। দুর্ভাগ্যজনকভাবে, আমি নেতিবাচক অর্থেই বলছি, যে কেউ যেকোনো কিছু পোস্ট করতে পারে, আর সেটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সর্বত্র। আমরা এসবের দিকে কোনো মনোযোগ দিই না।'