কামব্যাক জয়ে উচ্ছ্বসিত টুখেল, ‘কখনো বিশ্বাস হারাইনি’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি থমাস টুখেলের দল। শেষ পর্যন্ত অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে গণতান্ত্রিক কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। ম্যাচ শেষে দলের মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে মাত্র সপ্তম মিনিটেই ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় গণতান্ত্রিক কঙ্গো। আকস্মিক এই ধাক্কায় চাপে পড়ে ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দেন হ্যারি কেইন। এই জয়ে শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড।

ম্যাচ শেষে টুখেল বলেন, 'আমরা কখনো বিশ্বাস হারাইনি। ম্যাচের সবচেয়ে বাজে শুরুটা হয়েছিল আমাদের। প্রতিপক্ষের প্রথম শটই গোল হয়ে যায়। এরপর ম্যাচ আরও কঠিন হয়ে ওঠে।'

প্রথমার্ধে কেইনকে ফাউল করলেও পেনাল্টি না পাওয়ার আক্ষেপও ছিল ইংলিশ কোচের কণ্ঠে, 'প্রথম ওয়াটার ব্রেকের পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলাম। আমার মনে হয়, আমাদের একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল।'

বদলি খেলোয়াড়দেরও আলাদা করে কৃতিত্ব দিয়েছেন টুখেল, 'বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রা দারুণ অবদান রেখেছে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত আমরা জিতেছি। জয়টি প্রাপ্য ছিল, যদিও এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।'

নকআউট পর্বের আগে নিজের দলের মানসিক দৃঢ়তার ওপরও জোর দিয়েছেন জার্মান এই কোচ, 'কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারানো যাবে না, বিশ্বাসও হারানো যাবে না। এমন মানসিকতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।'

জোড়া গোল করে ইংল্যান্ডকে উদ্ধার করা অধিনায়ক হ্যারি কেইনের প্রশংসাও করেছেন টুখেল। সংক্ষিপ্ত মন্তব্যে তিনি বলেন, 'সে দিন দিন আরও ভালো হচ্ছে।'

ইংল্যান্ড এখন শেষ ষোলোতে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকোর। ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।