'ফ্রান্সের সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্যই ছিল না আমাদের'

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে সুইডেন। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করে নিয়েছেন সুইডিশ কোচ গ্রাহাম পটার। নিখুঁত খেললেও কিলিয়ান এমবাপেদের হারানো কঠিন ছিল বলেই মন্তব্য করেন তিনি।

মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এমবাপ্পের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সহজ জয় তুলে নেয় ফ্রান্স। পুরো ম্যাচেই ফরাসিদের আধিপত্য ছিল স্পষ্ট, বিশেষ করে মাইকেল অলিসের সৃজনশীল পাসে বারবার বিপাকে পড়ে সুইডেনের রক্ষণভাগ।

ম্যাচ শেষে পটার বলেন, 'সেরা দলই জিতেছে। ফ্রান্সকে অভিনন্দন। আমাদের এই ম্যাচে নিখুঁত খেলতে হতো। কিন্তু সত্যি বলতে, আমরা নিখুঁত খেললেও হয়তো যথেষ্ট হতো না। কারণ প্রতিপক্ষের মান ছিল অসাধারণ।'

নিজের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও কোনো অভিযোগ নেই বলে জানান ইংলিশ এই কোচ, 'আমি খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারি না। ম্যাচের পরও আমি তাদের বলেছি, ফ্রান্সের কাছে হারাটা লজ্জার কিছু নয়। তারা আমাদের চেয়ে ভালো দল এবং তাদের দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছে।'

তিনি আরও বলেন, 'ফ্রান্সের খেলোয়াড়দের ক্যারিয়ার ও অভিজ্ঞতার সঙ্গে আমাদের তুলনা করলে দেখা যাবে, আমরা এখনো একটি তরুণ দল, যারা ধীরে ধীরে নিজেদের গড়ে তুলছে। সামনে আমাদের জন্য অনেক ভালো সময় অপেক্ষা করছে বলে আমি বিশ্বাস করি।'

গ্রুপ পর্বে সেরা তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠে সুইডেন। তারা প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হারে। শেষ ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে।

তবে ফলাফল যাই হোক, এই বিশ্বকাপ তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে বলে জানান তিনি, 'এই টুর্নামেন্ট আমাদের শেখার এবং বেড়ে ওঠার দারুণ সুযোগ দিয়েছে। নেদারল্যান্ডসের বিপর্যয়ের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, জাপানের বিপক্ষে প্রয়োজনীয় পয়েন্ট পেয়েছি, এসবই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমাদের এগুলোর ওপর ভিত্তি করেই এগিয়ে যেতে হবে।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের দলে দুই অঙ্কের খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছে। ফ্রান্সের তুলনায় এটাও বড় পার্থক্য। এই অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করবে। ফুটবলে কখনও জিতবেন, কখনও হারবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং আরও ভালো দল হয়ে ওঠা।'

গত বছরের অক্টোবরে সুইডেনের দায়িত্ব নেওয়া পটারের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। বিশ্বকাপ শেষে আগামী সেপ্টেম্বরে রোমানিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়েই শুরু হবে তার দলের নতুন মিশন।