জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খোঁচা
জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট নানান কিছুর অঙ্ক কষে এবারের বিশ্বকাপ নিয়ে করেছিলেন ভবিষ্যৎবাণী। তার সেই ভবিষ্যৎবাণীতে ছিল ব্রাজিল ‘রাউন্ড অব ৩২’ পার হতে পারবে না, অর্থাৎ হারবে জাপানের কাছে। এছাড়া তিনি নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পেয়েছিলেন। কয়েক ঘণ্টার ব্যবধানে ক্লেমেন্টের পুরো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। এসব ভবিষ্যৎবাণী ফুটবলারদের নজরও যে এড়ায় না, সেটা জানা গেল নেইমারের প্রতিক্রিয়ায়। জাপানকে হারানোর পর ক্লেমেন্টকে খোঁচা দিলেন ব্রাজিলের তারকা।
Sr. Joachim klement … favor tentar na próxima copa
— Neymar Jr (@neymarjr) June 29, 2026
হিউস্টনে গত রাতে স্নায়ুচাপে ভরা ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। চোট কাটিয়ে ফিরলেও এখনো পুরো ম্যাচ খেলার অবস্থা না থাকায় এই ম্যাচে নেইমার ছিলেন বেঞ্চে।
তবে পিছিয়ে পড়ে ব্রাজিল সমতা ফেরানোর পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন তিনি, জয় নিশ্চিতের পর সেই আনন্দ বাড়ে দ্বিগুণ। এরপর সামাজিক মাধ্যম এক্সে নেইমার লিখেছেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট, দয়া করে পরের বিশ্বকাপে চেষ্টা করবেন।’
গণিতবিদ ক্লেমেন্টের হিসেব বলছিল এবার বিশ্বকাপ জিতবে আগে কখনো না জেতা নেদারল্যান্ডস। তবে সেটাও ভুল প্রমাণিত হয়েছে। ব্রাজিলের কয়েক ঘণ্টা পর খেলতে নেমে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ডাচরা।
এবার বিশ্বকাপে নানান রকম প্রেডিকশন করা হচ্ছে। ভবিষ্যৎবাণীতে বিভিন্ন প্রাণীদের ব্যবহার করার পাশাপাশি গণিতবিদ, অর্থনীতিবিদরাও নানান হিসেবের খাতা খুলে বসেছেন। গণিতবিদরা মূলত অতীতের রেকর্ড, খেলোয়াড়দের আক্রমণ ও রক্ষণভাগের শক্তি এবং বর্তমান ফর্মের বিপুল ডেটা বিশ্লেষণ করে প্রতিটি দলের জেতার সম্ভাব্যতা হিসাব করেন। এমনকি তারা একটা দেশের জনসংখ্যা, অর্থনীতির অবস্থাও আমলে নেন।
তবে এসব তথ্য-উপাত্তের তত্ত্বের সঙ্গে মাঠের খেলার আদতে যে মিল নেই, সেটাই প্রমাণিত হলো।