বিশ্বকাপে ৬৮ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভাঙলেন মেসি
জর্ডানের বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেন লিওনেল মেসি। নিজের অসীম সামর্থ্যের ছাপ রাখতে তার সময় লাগল ২০ মিনিট। ফ্রি কিক থেকে বল জালে জড়াতেই অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি। বিশ্বকাপে দীর্ঘ ৬৮ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার মহাতারকা।
ডালাসে রোববার 'জে' গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে তৃতীয় ও ম্যাচের শেষ গোলটি করেন মেসি। এবারের আসরে ভীষণ ছন্দে থাকা ফরোয়ার্ডের এটি তার ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।
এই নিয়ে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির স্থাপন করলেন মেসি। এই রেকর্ড তিনি ছাড়া আর কোনো ফুটবলারের নেই।
গত কাতার বিশ্বকাপের নকআউট পর্বে শুরু হয়েছিল মেসির গৌরবময় যাত্রা। একে একে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জাল কাঁপানোর পর এবার গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল পেলেন তিনি। জর্ডানের আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল ও আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের স্বাদ নেন।
বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচে গোল করার আগের রেকর্ডটির মূল মালিক ছিলেন ফ্রান্সের জুস্ত ফোঁতেন। তিনি ৬৮ বছর আগে ১৯৫৮ সালের আসরে এই কীর্তি গড়েছিলেন। ১২ বছর পর ১৯৭০ সালের আসরে ছয় ম্যাচে নিশানা ভেদ করে তার অর্জনে ভাগ বসান ব্রাজিলের জাইরজিনিয়ো।
অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচে জাল খুঁজে নিয়ে ফোঁতেন ও জাইরজিনিয়োর পাশে বসেছিলেন মেসি। এবার ফ্রি কিক থেকে জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে পরাস্ত করে এককভাবে শীর্ষে উঠে গেলেন বাঁ পায়ের জাদুকর।