রাউণ্ড অব ৩২ এই মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়েছে, ‘জে’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবেই নকআউটে যাচ্ছে আর্জেন্টিনা। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, সেটি জানা যাবে আগামীকাল সকালের ম্যাচের পর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, রাউন্ড অব ৩২ এই এবারের আসরের অন্যতম ফেভারিট স্পেনের সামনে পড়তে হতে পারে আর্জেন্টিনাকে। আবার নবাগত কেপ ভার্দে খেলছে মেসিদের বিপক্ষে, এমন দৃশ্যও দেখা যেতে পারে।
ফিফার পূর্বনির্ধারিত ব্র্যাকেট অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপ দলের। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় ‘এইচ’ গ্রুপের চার দল মাঠে নামছে। সেই সমীকরণের উপর নির্ভর করছে আর্জেন্টিনা কাকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে।
দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল স্পেন। রানার্সআপ হওয়ার লড়াইয়ে ভালোভাবে আছে বাকি তিন দলই। তবে এখানে আছে কিছু সমীকরণ। সেগুলো একবার মিলিয়ে নেওয়া যাক।
দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে প্রথম দুই ম্যাচেই ড্র করে মাত্র দুই পয়েন্ট পেয়েছে। গ্রুপ রানার্স আপ হতে হলে শেষ ম্যাচে তাই স্পেনকে হারাতেই হবে লাতিন এই দলটিকে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হওয়া নিশ্চিত হবে উরুগুয়ের। অর্থাৎ নকআউটে তখন লাতিন প্রতিপক্ষ পাবে আর্জেন্টিনা।
প্রথমবার বিশ্বকাপে এসেই তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের সামনেও নকআউটের দরজা সমানভাবে খোলা। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে হবে, আর আশা করতে হবে স্পেন যেন উরুগুয়ের কাছে না হারে। তাহলেই ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের পর্বে চলে যাবে ছোট্ট দ্বীপদেশটি। সেক্ষেত্রে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ হিসেবে পাবে নবাগত এই দেশকে।
দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেও সৌদি আরবের সামনেও সুযোগ থাকছে নকআউটে যাওয়ার। এশিয়ান দলটি যদি কেপ ভার্দেকে হারাতে পারে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৪। আবার স্পেন যদি উরুগুয়েকে হারায়, সেক্ষেত্রে উরুগুয়ে এবং কেপ ভার্দে দুই দলই আটকে যাবে ২ পয়েন্টে। অর্থাৎ রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে উঠবে সৌদি আরব, এবং প্রতিপক্ষ হিসেবে পাবে সেই আর্জেন্টিনাকে। গত বিশ্বকাপে এই সৌদির কাছে হেরেই যাত্রা শুরু করেছিল মেসির দল।
তবে সব সমীকরণ ওলট পালট হয়ে যেতে পারে, যদি দুই ম্যাচেই অন্যরকম ফলাফল আসে। অন্তত ড্র করলেই স্পেনের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। কিন্তু উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে স্পেন আটকে যাবে ৪ পয়েন্টেই। আবার সৌদি আরবও যদি হারিয়ে দেয় কেপ ভার্দেকে, সেক্ষেত্রে সৌদির পয়েন্টও হবে ৪। তবে মুখোমুখি লড়াইয়ে সৌদিকে হারানোয় গ্রুপ রানার্সআপ হবে স্পেনই। সেক্ষেত্রে রাউন্ড অব ৩২ এই দেখা হয়ে যাবে দুই হট ফেভারিট আর্জেন্টিনা ও স্পেনের!
বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় ভিন্ন দুই ম্যাচে মাঠে নামবে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্দে। এই দুই ম্যাচের পরই নিশ্চিতভাবে জানা যাবে, আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হচ্ছে।