জার্মানি বধের পুরস্কার, জাতীয় ছুটি ইকুয়েডরে
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক জয় উপহার দিয়েছে ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা করে নেওয়ার পর পুরো দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতে জাতীয় ছুটি ঘোষণা করেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নোবোয়া খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রশংসা করেন। দীর্ঘদিনের সমালোচনা, কঠিন সময় এবং নানা চাপের মধ্যেও ঘুরে দাঁড়িয়ে দেশকে গর্বিত করার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
নোবোয়া লিখেছেন, 'খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ। সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো দেশকে অসীম আনন্দ দিয়েছে। আগামীকাল ছুটি!'
গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না ইকুয়েডরের সামনে। এর আগে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ে চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকার দলটি।
তবে নিউ জার্সি স্টেডিয়ামে তারা অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইকুয়েডর। দুর্দান্ত লড়াই করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। গ্যালারিতে উপস্থিত হাজারো ইকুয়েডর সমর্থকের উল্লাসে তখন উৎসবের আবহ তৈরি হয়।
জার্মানি আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল। অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করে আইভরি কোস্ট।
তবে ইকুয়েডরের স্বপ্নও শেষ হয়নি। সেরা আট তৃতীয় স্থান পাওয়া দলের একটি হিসেবে তারা শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠল দেশটি।
এর আগে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে খেলেছিল ইকুয়েডর। দুই দশক পর আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করে নতুন ইতিহাস গড়েছে তারা।