নকআউটে অস্ট্রেলিয়া, উদ্বেগ নিয়ে অপেক্ষায় প্যারাগুয়ে
সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যকার শুক্রবার সকালে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। মাঠের লড়াইয়ে দুই দলই ছিল অতিমাত্রায় সতর্ক ও রক্ষণাত্মক। তবে ম্যাচে কোনো গোল না হলেও এই ফলে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে সকারুরা।
অন্যদিকে, ড্র করলেও বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে হচ্ছে না প্যারাগুয়েকে। শেষ বত্রিশে ওঠার সম্ভাবনা টিকে আছে তাদের। সেজন্য অবশ্য লাতিন আমেরিকার দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলের দিকে। সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউটের টিকিট মিলবে কি না, সেই উদ্বেগ নিয়েই এখন অপেক্ষার প্রহর গুনছে তারা।
একই সময়ে মাঠে গড়ানো এই গ্রুপের আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে লস অ্যাঞ্জেলসে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তুরস্ক। প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল তুরস্কের। তাদের সামনে লক্ষ্য ছিল একটি ভালো ফল নিয়ে টুর্নামেন্ট শেষ করা। ম্যাচের একদম শেষ শটে জাল কাঁপিয়ে সেই সান্ত্বনার জয় তুলে নিয়েছে তারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে মাঠের লড়াইয়ে তার কোনো প্রভাব পড়েনি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে কয়েক দফা মোড় বদলানো লড়াইটি গড়ায় চরম উত্তেজনায়। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আমেরিকানদের।
নয় পরিবর্তন নিয়ে মাঠে নামা যুক্তরাষ্ট্র প্রথমার্ধের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় অ্যারন ট্রাস্টির গোলে। সাত মিনিট পর আর্দা গুলেরের লক্ষ্যভেদে সমতা ফেরায় তারকাখচিত দল নিয়েও এবারের আসরে হতাশ করা তুরস্ক। এরপর ৩১তম মিনিটে বারিস ইলমাজ জাল খুঁজে নিলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরলাইন ২-২ করে ম্যাচে আবার সমতা আনে যুক্তরাষ্ট্র। এবার সেবাস্টিয়ান বেরহাল্টার পান গোলের দেখা। যখন মনে হচ্ছিল, ম্যাচটি ড্রতেই শেষ হতে যাচ্ছে, তখন অন্তিম সময়ে তুরস্ককে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন বদলি নামা কান আইহান।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হয়েছে যুক্তরাষ্ট্র। তারা শেষ বত্রিশে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তৃতীয় স্থান পেয়েছে প্যারাগুয়ে। বিদায় নেওয়া তুরস্কের অর্জন ৩ পয়েন্ট।