২৪ বছর পর যে কীর্তিতে রোনালদো-রোমারিওদের পাশে ভিনিসিউস
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২৪ বছর আগে, সেই ২০০২ সালে। বিশ্বকাপ জয়ের পথে সেবার গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন রোনালদো ও রিভালদো। এরপর ব্রাজিলের আর কেউ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল পাননি।
বৃহস্পতিবার স্কটল্যান্ডকে উড়িয়ে ৩-০ গোলে জেতার ম্যাচে জোড়া গোল করে সেখানে নাম লেখালেন ভিনিসিউস জুনিয়র। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে দলের হয়ে একমাত্র গোল করেন তিনি, পরের ম্যাচে হাইতির বিপক্ষেও ভিনিসিউস পান গোল। স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও জোড়া গোলে মাঠ ছাড়েন চলতি বিশ্বকাপে ব্রাজিলের সেরা পারফর্মার।
বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে ব্রাজিলিয়ানদের গোল করার নজির আছে আরও দুটি। মজার কথা হলো ১৯৯৪ ও ১৯৭০ সালের সেই দুই বিশ্বকাপও জিতেছিল ব্রাজিল। ১৯৭০ সালে এমন কীর্তি দেখান জাইরজিনহো। ১৯৯৪ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল পান কিংবদন্তি রোমারিও।
এদিন ম্যাচে ৭ মিনিটেই গোল পেয়ে যান ভিনি। প্রতিপক্ষের রক্ষণের ভুলে রায়ান বল কেড়ে দেন ভিনিকে। গোলরক্ষককে কাটিয়ে অনায়াসে জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। খানিক পর আরেক ডিফেন্ডারের ভুলে দ্বিতীয় গোলও করে ফেলেছিলেন, উদযাপনের পর ভিএআর (VAR) চেক করে বল কেড়ে নেওয়ার আগে হালকা টাচ পাওয়ায় সেটা বাতিল করে দেন রেফারি।
অবশ্য দমে না গিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেজের পাস থেকে হেড করে দ্বিতীয় গোল করেন ভিনি।