ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমার সম্পূর্ণ ফিট, পুরো ম্যাচও খেলতে পারে: ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের সুখবর দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে প্রথম দুই ম্যাচ সাইডলাইনে থাকা নেইমার গ্রুপের শেষ ম্যাচের আগে ফিট হয়ে উঠেছেন। এমনকি পরিস্থিতি অনুযায়ী পুরো ম্যাচও খেলতে পারে, এমন মন্তব্য করেছেন ব্রাজিল দলের কোচ। 

কাফ ইনজুরি নিয়ে দলের বাইরে থাকা নেইমারকে এই ম্যাচে পাওয়া নিয়ে খুশি আনচেলত্তি, ‘নেইমার ফিট আছে। খেলার জন্য প্রস্তুত সে। এই সপ্তাহে সে ভালো অনুশীলন করেছে। তার মতো উচ্চ মানের খেলোয়াড়কে দলে ফেরত পেয়ে আমরা সবাই আনন্দিত’। 

বিভিন্ন রকম চোটের কারণে ২০২৩ সালের শেষ দিকের পর আর হলুদ জার্সিতে দেখা যায়নি নেইমারকে। এত লম্বা সময় পর ফেরা নেইমার কতক্ষণ খেলতে পারেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আশার বাণীই শুনিয়েছেন ব্রাজিল দলের এই ইতালীয় কোচ, ‘সে অর্ধেক ম্যাচ খেলতে পারে, আবার পুরো ৯০ মিনিটও খেলতে পারে। দলে ফিরতে সে কঠোর পরিশ্রম করেছে’। 

গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের অভিজ্ঞতা দলের কাজে দেবে বলে বিশ্বাস আনচেলত্তির, ‘সে খুব ভালো অবস্থায় আছে। তার মতো দল অন্তঃপ্রাণ খেলোয়াড়কে আমরা যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাই। নেইমারের স্কিল ও অভিজ্ঞতা আমাদের কাজে দেবে’। 

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়া ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না। তবে কাজটা খুব একটা সহজ হবে না, এটাও মানছেন তিনি। বলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলকে হালকাভাবে নেবে না তার দল, ‘ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। স্কটল্যান্ড সুসংগঠিত দল। ম্যাকটোমিনে, ম্যাকগিনের মতো বিশ্বমানের খেলোয়াড় আছে ওদের। এখন আর বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই। ম্যাচ কঠিন হবে, এবং আমরা তার জন্য প্রস্তুত’। 

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্বে ৬০ ম্যাচ খেলে মাত্র পাঁচটি ম্যাচে হেরেছে ব্রাজিল। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের সমর্থকদের জন্য আশঙ্কার বিষয় হলো, এই পাঁচ পরাজয়ের তিনটিই এসেছে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে। ১৯৬৬ সালে পর্তুগালের সাথে, ১৯৯৮ সালে নরওয়ের সাথে এবং গত বিশ্বকাপে ক্যামেরুনের সাথে গ্রুপের তৃতীয় ম্যাচে হেরেছিল ব্রাজিল।