রেকর্ড হাতছাড়া হওয়ার পর ক্লোসা বললেন, ‘মেসি সর্বকালের সেরা’
যার কাছে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড হাতছাড়া হলো, সেই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তার দৃষ্টিতে, আর্জেন্টিনার মহাতারকাই সর্বকালের সেরা ফুটবলার।
সোমবার রাতে ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। 'জে' গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে দুজনেরই গোল ছিল সমান ১৬টি। টেক্সাসের ডালাসে জোড়া লক্ষ্যভেদ করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ গোলের জয় নিশ্চিত করার পাশাপাশি অনন্য উচ্চতায় পৌঁছে যান ৩৯ বছর ছুঁতে যাওয়া মেসি।
ক্লোসার ১৬ গোল এসেছিল ২৪ ম্যাচে। ২০০২ ও ২০০৬ সালের আসরে পাঁচটি করে গোল করার পর ২০১০ সালে চারটি ও ২০১৪ সালে দুটি গোল করেন তিনি। অন্যদিকে, মেসি এখন পর্যন্ত ফুটবলের বিশ্বমঞ্চে সর্বোচ্চ ২৮ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। চলতি আসরে মাত্র দুই ম্যাচেই পাঁচ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।
মেসি চূড়ায় ওঠার পর তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়ে বর্তমানে জার্মান ক্লাব নুরেমবার্গের প্রধান কোচের দায়িত্বে থাকা ক্লোসা বলেছেন, 'আমার কাছে, মেসি সর্বকালের সেরা। অভিনন্দন, চ্যাম্পিয়ন।'
গ্যালারিতে উপস্থিত ৭০ হাজার ৬৪৯ জন দর্শকের উপস্থিতিতে ম্যাচের নবম মিনিটে একটি পেনাল্টি মিস করেন মেসি। তবে হতাশা ঝেড়ে প্রথমার্ধের শেষদিকে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। একইসঙ্গে ক্লোসাকে টপকে এককভাবে শীর্ষস্থান দখল করেন।
এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে— দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয় মেসির আরেকটি গোলে। অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর বল দখলের লড়াইয়ে চারজন ডিফেন্ডারকে পরাস্ত করে নিশানা ভেদ করেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর স্টেডিয়াম জুড়ে শুধুই প্রতিধ্বনিত হতে থাকে মহাতারকা মেসির নাম।
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ক্লোসা ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন, তার দীর্ঘদিনের রেকর্ড হয়তো এবারই ভেঙে যেতে পারে, 'আমি মনে করি, এই বিশ্বকাপেই আমার রেকর্ড ভেঙে যাবে। এটি সম্প্রসারিত একটি আসর। ম্যাচ বেশি, তাই গোল করার সুযোগও বেশি। মেসি ও (কিলিয়ান) এমবাপে দুজনেরই অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এতে আমার কোনো সমস্যা নেই। রেকর্ড তো একদিন না একদিন ভাঙারই ছিল।'
২০০৬ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আরও জানিয়েছিলেন, যদি কেউ রেকর্ডটি ভাঙেন, তাহলে সেই মানুষটি যেন হন মেসি, 'আমি খুশি হব যদি মেসি রেকর্ডটি ভাঙে। আমি সব সময়ই তার বিশাল ভক্ত। সে একজন প্রতিভাবান ফুটবলার, এক কথায় জিনিয়াস।'
ক্লোসার চাওয়া পূরণ হয়েছে। নতুন নজির স্থাপনের পাশাপাশি আর্জেন্টিনাকে নকআউটের টিকিট পাইয়ে দিয়েছেন মেসি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা রয়েছে 'জে' গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে।