ম্যাচটি ভীষণ কঠিন ছিল, এই জয় আমাদের স্বস্তি দেবে: মেসি
অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর পাওয়া জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের নকআউটে তোলার পর তিনি জানিয়েছেন, এই ফল তাদেরকে আগামী দিনগুলোর জন্য স্বস্তি দেবে।
টেক্সাসের ডালাসে সোমবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। জোড়া গোল করে ফের দলটির নায়ক আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসি।
এবারের আসরে মাত্র দুই ম্যাচে পাঁচ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মেসি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এককভাবে নিজের করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২৮ ম্যাচ খেলে তার নামের পাশে এখন ১৮ গোল। ১৬ গোল নিয়ে ২০১৪ সাল থেকে এই কীর্তি দখলে রাখা জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা নেমে গেছেন দুইয়ে।
পূর্ণ পয়েন্ট পাওয়ার আনন্দ নিয়ে ম্যাচের পর সম্প্রচারমাধ্যমকে মেসি বলেন, ‘এই জয়ে আমি খুবই আনন্দিত। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণ, ভীষণ, ভীষণ কঠিন ছিল। এই জয় আমাদেরকে আগামী দিনগুলোর জন্য স্বস্তি দেবে। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ছিল এবং (দুই ম্যাচে) ৬ পয়েন্ট পেয়ে আমরা আনন্দিত।’
গ্যালারিতে উপস্থিত ৭০ হাজার ৬৪৯ জন দর্শকের উপস্থিতিতে ম্যাচের নবম মিনিটে একটি পেনাল্টি মিস করেন মেসি। তবে হতাশা ঝেড়ে প্রথমার্ধের শেষদিকে ফাকুন্দো মেদিনার পাস থেকে বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে— দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয় মেসির আরেকটি গোলে। অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর বল দখলের লড়াইয়ে চারজন ডিফেন্ডারকে পরাস্ত করে নিশানা ভেদ করেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর স্টেডিয়াম জুড়ে শুধুই প্রতিধ্বনিত হতে থাকে মহাতারকা মেসির নাম।
ক্লোসাকে টপকে যাওয়ার পাশাপাশি আরও একটি কীর্তি গড়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে জাল খুঁজে নিয়েছেন তিনি— যে যাত্রা শুরু হয়েছিল চার বছর আগে কাতারের মাটিতে। বাকি দুজন হলেন ফ্রান্সের জুস্ত ফোঁতেন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনিয়ো (১৯৭০)। তারা এই স্বাদ পেয়েছিলেন একই আসরে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়া একটি করে ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।