টানা তিন বিশ্বকাপে পেনাল্টি মিস করলেন মেসি
রেকর্ড হাতছানি দিচ্ছিল লিওনেল মেসিকে। জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ এলো তার সামনে। কিন্তু নামের প্রতি মোটেও সুবিচার করতে পারলেন না আর্জেন্টিনার মহাতারকা। ১২ গজ দূর থেকে তিনি বল মারলেন গোলপোস্টের বাইরে!
সোমবার রাতে 'জে' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে ডি-বক্সে লাউতারো মার্তিনেজকে দুই পাশ থেকে ট্যাকল করেন জেভার শ্ল্যাগার ও স্তেফান পশ। আর্জেন্টাইন খেলোয়াড়দের তোলা ফাউলের আবেদন শুরুতে রেফারি এড়িয়ে গেলেও পরে ভিএআরে আসে পেনাল্টির সিদ্ধান্ত। কিন্তু স্পট-কিকে হতাশ করে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন মেসি।
ঝাঁপিয়ে পড়া অস্ট্রিয়ান গোলরক্ষক আলেক্সান্দার শ্ল্যাগারকে আটকাতেও হয়নি মেসির শট। বল চলে যায় ডানদিকের পোস্টের বেশ বাইরে দিয়ে।
ফুটবল বিশ্বকাপে এই নিয়ে সাতটি পেনাল্টির মধ্যে তিনটিই মিস করলেন ৩৯ বছর ছুঁইছুঁই মেসি। শুধু তাই নয়, টানা তিনটি আসরে স্পট-কিক থেকে জাল কাঁপাতেও ব্যর্থ হলেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে এবং ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আইসল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি থেকে গোল আসেনি। বল লক্ষ্যে থাকলেও ওই শট দুটি রুখে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষকরা।
দারুণ সব ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি এবার বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ডও নিজের করে নিলেন মেসি। এছাড়া, ঘানার আসামোয়াহ জিয়ান দুটি পেনাল্টি মিস করেছেন বিশ্বমঞ্চে (২০০৬ ও ২০১০ সালের আসরে)। এই দুজন বাদে আর কোনো খেলোয়াড় বিশ্বকাপে একাধিক পেনাল্টি মিস করেননি।