ইয়ামালকে বিশ্বের সেরা প্রতিভা বললেন সৌদি আরবের কোচ

স্পোর্টস ডেস্ক

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রশংসা চলে হরহামেয়শা। প্রতিপক্ষ দল এবং ম্যানেজারসহ সবাই তার প্রদর্শিত প্রতিভায় মুগ্ধ। এই প্রশংসার মিছিলে সর্বশেষ যোগ দিয়েছেন সৌদি আরবের ম্যানেজার জর্জিস ডনিস। বার্সেলোনার এই উইঙ্গারের প্রতিভা নিয়ে তিনি অন্যতম জোরালো মূল্যায়ন করেছেন।

১৮ বছর বয়সী এই খেলোয়াড় সম্পর্কে কথা বলতে গিয়ে ডনিস বলেন, ‘আমার মনে হয় ইয়ামাল সম্ভবত এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। আমার মনে হয় তিনি বার্সেলোনায় সেরা উপায়ে মেসির বিকল্প হয়ে উঠতে শুরু করেছেন।’

‘আমি এই বয়সের কোনো খেলোয়াড়কে এত বড় পার্থক্য গড়ে দিতে এবং এই ধরনের মান ও পরিপক্বতার সঙ্গে খেলতে দেখিনি।’

এই লামিনের সামনেই আজ পড়তে যাচ্ছে সৌদি আরব। বিশ্বকাপের ম্যাচের আগে প্রতিপক্ষের সেরা খেলোয়াড়কে নিয়ে বাড়তি চিন্তা আছে সৌদি কোচের। 

লামিনকে নিয়ে অনেক কথাই বলা হয়, তা কেবল তার ড্রিবলিং, গোল এবং জাদুকরী মুহূর্তগুলোর জন্যই নয়। তিনি প্রশংসা পাচ্ছেন কারণ তিনি এখনই খেলাটিকে অনেক বেশি বয়সী খেলোয়াড়ের মতো বোঝেন।

ডনিস সেই বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দক্ষতা নয়, বরং পরিপক্বতা। তিনি জানেন প্রতি মুহূর্তে তার কী করা উচিত এবং এটাই সবচেয়ে বড় পার্থক্য।’

লামিন এবং নিকো উইলিয়ামস মাঠে না থাকলে স্পেনকে কেন আলাদা দেখায়, ডনিস সেই ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সবসময় সততার সঙ্গে উত্তর দিই, লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস যখন বেঞ্চে থাকেন, তখন স্পেন আর আগের মতো দল থাকে না।’

‘দলটি অন্যরকম হয়ে যায়। এই অর্থে যে, তাদের বলের দখল থাকে ঠিকই, কিন্তু এই দুই খেলোয়াড় অনুপস্থিত থাকলে ব্যক্তিগত নৈপুণ্য এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতির অভাব দেখা দেয়।’

‘গত ম্যাচে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে; বলের উচ্চ দখল থাকা সত্ত্বেও স্পেন ব্যক্তিগত সমাধানের অভাব বোধ করেছে।’

এই ম্যাচে লামিন শুরু থেকে খেলবেন কি না, তা নিয়ে কোনো স্পষ্টতা নেই। গতবার তিনি ৩০ মিনিটেরও কম সময় খেলেছিলেন। লামিন বেঞ্চে বসে থাকলেই বোধহয় স্বস্তিতে থাকবেন সৌদি আরবের কোচ।