জার্মানিকে টপকে বিশ্বকাপে গোলের রেকর্ডে আবার শীর্ষে ব্রাজিল
কুরাসাওকে গুঁড়িয়ে ব্রাজিলের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলো জার্মানি। বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল হিসেবে নাম উপরে তুলেছিলো তারা। তবে পরের ম্যাচেই সিংহাসন পুনরুদ্ধার করল ব্রাজিল। হাইতিকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দল ফের সেলেসাওরা।
এবার বিশ্বকাপ শুরুর আগে দুই জায়ান্ট ব্রাজিলের গোল ছিলো ২৩৭, জার্মানির ২৩২। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ হয় ব্রাজিল। অন্য দিকে জার্মানি মাঠে নেমে কুরাসাওকে গুঁড়িয়ে দেয় ৭-১ গোলে। ফলে ব্রাজিলকে ছাড়িয়ে যায় তারা। তাদের গোল সংখ্যা দাঁড়ায় ২৩৯টিতে।
পেনসিলভেনিয়ায় ম্যাথিউস কুনিয়া আর ভিনিসিউসের ঝলকে হাইতির জালে ৩ গোল দিয়ে ব্রাজিল তাদের সর্বকালের গোলসংখ্যাকে নিয়ে গেছে ২৪১-এ। ফলে ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ গোল এগিয়ে থেকে আবারও নিজেদের চেনা এক নম্বর স্থানটি ফিরে পেল লাতিন আমেরিকার দেশ।
এই জয়ের মাধ্যমে মরক্কোকে গোল ব্যবধানে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে উঠে এলো ব্রাজিল। আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।
জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। ব্রাজিল ও জার্মানি ছাড়া বিশ্বকাপে দুইশো গোল নেই আর কোন দলের। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৫২।
একনজরে বিশ্বকাপের শীর্ষ ৫ গোলদাতা দেশ
| দেশ | মোট গোল |
|---|---|
| ১. ব্রাজিল | ২৪১+ |
| ২. জার্মানি | ২৩৯+ |
| ৩. আর্জেন্টিনা | ১৫২+ |
| ৪. ফ্রান্স | ১৩৬+ |
| ৫. ইতালি | ১২৮+ |