ফিফা বিশ্বকাপ ২০২৬

কুনিয়া, ভিনিসিউসের ঝলকে তিন গোলে এগিয়ে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

মরক্কোর বিপক্ষে আগের ম্যাচে বিবর্ণ থাকা ব্রাজিল হাইতির বিপক্ষে নেমেই খেলছে আগ্রাসী ফুটবল। মাথেউস কুনিয়া আর ভিনিসিউস জুনিয়রের ঝলকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় 'সি' গ্রুপের ম্যাচে প্রথমার্ধে দুই গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কুনিয়া, মরক্কোর বিপক্ষে গোল করা ভিনিসিউস পান বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল।

শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকা ব্রাজিল ১৩ মিনিটে বল জালে জড়িয়েছিল। ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে দারুণ ফিনিশিং করেছিলেন রাফিনিহা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। মিনিট দশেক পর রাফিনিয়ার সামনেই আবার এসেছিল সুযোগ, তা হেলায় হারান তিনি।

খানিক পরই আসে প্রথম গোল। মাঝমাঠ থেকে বলের জোগান পেয়ে ভিনিসিউস বক্সে ঢুকে শট মারেন। ফিরতি বলে জটলার মধ্যে মাথেউস কুনিয়া বল পায়ে লাগিয়ে জালে জড়ান।

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউনাইটেড তারকা কুনিয়া। নিজেদের অর্দ্ধেক থেকে বল কেড়ে আক্রমণ শুরু করেন ডগলাস সান্তোস। তীব্র গতিতে ছুটে গিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে বল জালে জড়ান কুনিয়া।

প্রথমার্ধের যোগ করা সময়ে গতিময় ভিনি ছুটে যান প্রতিপক্ষের বক্সে। রিয়াল মাদ্রিদ তারকা নিখুঁত প্লেসিং শটে খুঁজে নেন জাল।