হাইতিকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল
মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। তবে সেই হতাশার মধ্যেও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। কিছুটা দুর্বল হাইতির বিপক্ষে মাঠে নামার আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগছে না সেলেসাওরা।
শুক্রবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাগজে-কলমে শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে খাটো করে দেখার ভুল করতে রাজি নয় দলটি। দানিলোর মতে, এবারের বিশ্বকাপ ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে যে ছোট দল বলে কাউকে অবহেলা করার সুযোগ নেই।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্রাজিলের এই ডিফেন্ডার কেপ ভার্দের উদাহরণ টেনে আনেন। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া আফ্রিকার দেশটি শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে টুর্নামেন্টের অন্যতম বড় চমক উপহার দিয়েছে।
দানিলো বলেন, 'স্পেনের বিপক্ষে কেপ ভার্দে কীভাবে রক্ষণ সামলেছে, সেটা সবাই দেখেছে। তাই হাইতিকে বড় ব্যবধানে হারানোর কথা বলা পাগলামি হবে।'
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারলেও হাইতির লড়াকু মানসিকতা ব্রাজিলের নজর এড়ায়নি। ফলে প্রতিপক্ষকে দুর্বল ভেবে মাঠে নামার কোনো সুযোগ দেখছেন না দানিলো।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিলের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ম্যাচে জয় না পেলে নকআউট পর্বের সমীকরণ আরও জটিল হয়ে যেতে পারে। কিন্তু সেই চাপের মধ্যেও প্রতিপক্ষকে সম্মান দেখানোর পক্ষে ব্রাজিল শিবির।
এদিকে চোট কাটিয়ে নেইমারের অনুশীলনে ফেরাও ব্রাজিলের জন্য ইতিবাচক খবর। কাফের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তারকা ফরোয়ার্ড প্রথমবারের মতো বিশ্বকাপে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন। যদিও হাইতির বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে নেইমারকে নিয়ে দানিলোর উচ্ছ্বাস লুকানো ছিল না। তার মতে, শুধু মাঠে নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষের পরিকল্পনা বদলে দিতে পারে। কারণ ব্রাজিলিয়ান তারকাকে সামলাতে গিয়ে প্রতিপক্ষকে সবসময় বাড়তি সতর্ক থাকতে হয়।